মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে তার প্রচারণার পক্ষে আরো জোরালো প্রকাশ্য সমর্থন চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন ও ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে রবিবার এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
মার্কিন সূত্রটি জানিয়েছে, হোয়াইট হাউস নেতানিয়াহুর এই মরিয়া তদবিরকে তার ‘হতাশার লক্ষণ’ এবং তিনি যে পিছিয়ে আছেন—তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
নেতানিয়াহুর লিকুদ পার্টির মুখপাত্র নেটা মোলচো দাবি করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের কাছে তার প্রচারণার পক্ষে কোনো সমর্থন চাননি—‘সাম্প্রতিক দিনগুলোতে তো নয়ই, এমনকি ট্রাম্পের সমর্থনসূচক বিবৃতি দেওয়ার আগেও নয়।’
হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
তবে দুই সপ্তাহ আগে ‘নিউজম্যাক্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েলের কিছু মানুষ তাকে নেতানিয়াহুর পক্ষে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন।
মার্কিন সূত্রটি জানিয়েছে, গত তিন দিনে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দুবার কথা বলেছেন। এ সময় তিনি ট্রাম্পকে গত সপ্তাহে ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া সমর্থনসূচক পোস্টটির চেয়েও আরো জোরালো অবস্থান নেওয়ার অনুরোধ জানান।
সূত্রটির ভাষ্যমতে, এমনকি ট্রাম্পের পরবর্তী সমর্থনসূচক বিবৃতির জন্য কী ভাষা ব্যবহার করা যেতে পারে নেতানিয়াহু তারও পরামর্শ দিয়েছিলেন।
নেতানিয়াহুর এসব প্রচেষ্টার বিষয়ে অবগত একটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, ট্রাম্পকে নেতানিয়াহু ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে ফোনে কথা বলে আরো সমর্থন প্রকাশের প্রস্তাব দিয়েছিলেন।
কয়েক সপ্তাহ দ্বিধাদ্বন্দ্বে থাকার পর, গত রবিবার ট্রাম্প আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে সমর্থন জানান। এমনকি তিনি এমন ইঙ্গিতও দেন যে, নেতানিয়াহুর পরাজয় ঘটলে তা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
