
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আরও সাতটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
এদিকে, টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ইমরান আলী জানান, বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারখানাটি রাষ্ট্রায়াত্ত ওষুধ কোম্পানিটি এসেনশিয়াল ড্রাগসের বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এটি ফায়ার সার্ভিস স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
