আজকাল ওয়েবডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লক্ষ্য করে এক চাঞ্চল্যকর প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন কেরলের পালক্কাডের কংগ্রেস কর্মীরা। তারা জ্ঞানেশ কুমারের একটি প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করেন। এই আয়োজনে- চিতাসজ্জা, মালা পরানো ছবি এবং হিন্দু অন্ত্যেষ্টির আদলে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়। সবশেষে, সেই ‘চিতার ছাই’ একটি শৌচাগারে ফেলে দেওয়া হয়।
প্রতিবাদের একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, একটি চিতাসজ্জার পাশে জ্ঞানেশ কুমারের মালা পরানো ছবি রাখা হয়েছে। কংগ্রেস কর্মীরা হিন্দু অন্ত্যেষ্টি প্রথার অনুকরণে বিভিন্ন আচার পালন করছেন, এরপর চিতায় আগুন ধরাচ্ছেন।
পালক্কাড শহরের স্টেডিয়াম বাস স্ট্যান্ডের কাছে ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হয়েছিল। জানা গিয়েছে, কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস কমিটির (ডিসিসি) কার্যালয় থেকে একটি প্রতীকী শবদেহ বহন করে বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে আসেন। সেখানেই এই প্রতীকী দাহকার্য সম্পন্ন করেন।
এর পরের ঘটনাটি বেশ বিতর্কিত। চিতা জ্বলে ওঠার পর, প্রতিবাদকারীরা সেই ছাই সংগ্রহ করে একটি শৌচাগারে ফেলে দেন। যা স্পষ্টতই মুখ্য নির্বাচন কমিশনারকে চরম অপমান করার একটি প্রচেষ্টা।
অতীতে একই ধরনের ঘটনার ঘটেছে। ফলে কংগ্রেস দলের নৈতিকতা, মূল্যবোধ নিয়ে প্রশ্ন উঠছে।
এর আগে, পালক্কাডের গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষের প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের জন্য কংগ্রেস নেতারা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর তীব্র সমালোচনা করেছিলেন। এখন, কংগ্রেস কর্মীরাই প্রতিবাদের ঠিক একই পথ বেছে নিয়েছেন। আর এবার তাঁদের নিশানায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। এই পদ আদতে একটি সাংবিধানিক পদ।
