খুলনাঞ্চল রিপোর্ট।।
পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।
২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত দ্বীপটিতে পর্যটকদের যাতায়াতের সুযোগ থাকবে। এ সময় পর্যটকেরা সেখানে রাতেও থাকতে পারবেন। তবে দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রতিদিন গড়ে সর্বোচ্চ সাড়ে ৩ হাজার পর্যটকের যাতায়াতের সীমা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক পর্যটককে দিতে হবে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি।
রবিবার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা সেন্টমার্টিনে যাতায়াত করতে পারবেন। এ সময় নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল অব্যাহত থাকবে। তবে প্রতিদিন গড়ে সাড়ে ৩ হাজারের বেশি পর্যটক দ্বীপে যাওয়া-আসা করতে পারবেন না।
দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রত্যেক পর্যটকের কাছ থেকে ১০০ টাকা করে ফি আদায় করা হবে। পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ব্যবস্থাপনা বিধিমালার ২৬ বিধি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিনে চলাচলের জন্য কোনো নৌযানকে অনুমতি দেওয়া যাবে না। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তরকে এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
পর্যটন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং দ্বীপের পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা প্রশাসন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পুলিশ সুপার ও ট্যুরিস্ট পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে ২০২৫ সালের ২২ অক্টোবর জারি করা সেন্টমার্টিন-সংক্রান্ত প্রজ্ঞাপনের সব নির্দেশনা বহাল রাখার কথাও বলা হয়েছে।
পরিবেশগতভাবে সংকটাপন্ন এই প্রবাল দ্বীপের জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি পর্যটন কার্যক্রম পরিচালনা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। নতুন সিদ্ধান্তে পর্যটকদের যাতায়াতের সময়সীমা ও দৈনিক সংখ্যা নির্ধারণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ফি এবং নৌযান চলাচলে মন্ত্রণালয়ের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে।
