চার দিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাঙামাটি জেলা প্রশাসনের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এর আগে, গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণ ও পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই দিন জারি করা গণবিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল।
পাশাপাশি, সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।
প্রসঙ্গত, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে রাঙামাটির সাজেকে ছয় দিনের জন্য পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত এ কর্মসূচি স্থগিত থাকবে।
কেএম
