প্রণব সুরমা এশিয়াডে সোনা জেতালেন ভারতকেছবি: X
Published on
:
2 min read
১৬ বছর বয়সেই জীবনে নেমে এসেছিল অন্ধকার। ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন প্রণব সুরমা। স্পাইনাল কর্ডের চোটের কারণে শরীরের চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। তবে লড়াই ছাড়েননি প্রণব। মঙ্গলবার এশিয়ার মঞ্চে ভারতের মুখ উজ্জ্বল করলেন তিনি। জীবনের কঠিন লড়াইকে হার মানিয়ে এশিয়ান প্যারা গেমসে সোনা জিতলেন প্রণব। জাপানের নাগোয়ায় পুরুষদের ডিসকাস থ্রো F51/52/53 বিভাগে প্রথম হয়ে সোনার পদক পেলেন ৩১ বছরের এই অ্যাথলিট। পিছিয়ে থেকেও দারুণ কামব্যাক করে প্রতিযোগিতায় গড়লেন রেকর্ডও। চলতি এশিয়ান প্যারা গেমসে এই নিয়ে ছয় নম্বর সোনা পেল ভারত।
সতীর্থকে টপকে সোনা জিতলেন প্রণব
প্রণবের পাশাপাশি এই বিভাগে নেমেছিলেন ভারতের রাম রতন সিং। ১০.৩৫ মিটার থ্রো করে তখন শীর্ষে ছিলেন তিনি। ফলে সোনা জয়ের অন্যতম দাবিদার ছিলেন রাম রতন। কিন্তু প্রণবের প্রথম থ্রো থেকেই বদলে যায় ছবিটা। ১০.৭৯ মিটার ছুড়ে শীর্ষে উঠে আসেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ১১.৬৬ মিটার থ্রো করেন প্রণব। এই পারফরম্যান্সেই গেমস ও এশিয়ান রেকর্ড গড়েন তিনি। বাকি অ্যাথলিটদের কেউই এই দূরত্ব পেরতে পারেননি। ফলে সোনা জয় নিশ্চিত হয়ে যায় প্রণবের। রুপো জেতেন রাম রতন সিং এবং ব্রোঞ্জ পান ইরানের হেমামি আলিরেজা।
প্রণবের লড়াইয়ের গল্প
১৯৯৪ সালের ৪ অক্টোবর হরিয়ানার ফরিদাবাদে জন্ম প্রণবের। মাত্র ১৬ বছর বয়সে, ২০১১ সালে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি। স্পাইনাল কর্ডে গুরুতর চোটের কারণে কোয়াড্রিপ্লেজিয়ায় আক্রান্ত হন, অর্থাৎ শরীরের চারটি অঙ্গ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এক ধাক্কায় বদলে যায় জীবনের গতিপথ। সেই কঠিন পরিস্থিতিতেও থেমে থাকেননি প্রণব। শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে পড়াশোনার পাশাপাশি প্যারা অ্যাথলেটিক্সেও নিজের জায়গা তৈরি করেন তিনি।
প্যারালিম্পিক্সেও জিতেছেন রুপো
প্রণবের আন্তর্জাতিক কেরিয়ারের অন্যতম বড় সাফল্য আসে ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিক্সে। পুরুষদের ক্লাব থ্রো F51 বিভাগে রুপো জিতেছিলেন তিনি। এর আগে হাংঝৌতে এশিয়াডেও একই বিভাগে সোনা জিতেছিলেন প্রণব। এ বার নাগোয়ায় এল সাফল্য। মাত্র ১৬ বছর বয়সে ভয়াবহ দুর্ঘটনায় জীবন বদলে গেলেও হাল না ছাড়া মনোভাবের পুরস্কার পেলেন প্রণব।
