বর্তমান ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর দ্রুত উত্থান যেমন মানবসভ্যতাকে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছে, তেমনি তৈরি করছে গভীর সংকট ও শঙ্কা। বিশেষ করে অনলাইনে ছড়িয়ে পড়া কোনো ছবি বা ভিডিও আসল, নাকি এআই দিয়ে তৈরি ভুয়া রূপ তা শনাক্ত করা দিন দিন প্রায় অসম্ভব হয়ে উঠছে। এতে মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার।
সম্প্রতি ‘এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬’ এ অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন অনিয়ন্ত্রিত ও বিপজ্জনক অপব্যবহার নিয়ে নিজের গভীর উদ্বেগের কথা প্রকাশ করেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক আলোচনায় তিনি স্পষ্ট জানান, প্রযুক্তিকে তিনি উন্নয়নের একটি ধারালো হাতিয়ার হিসেবে দেখলেও এর অপব্যবহার প্রতিরোধে বর্তমান আইনি ব্যবস্থা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সীমাবদ্ধতা উদ্বেগজনক। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষিপ্র গতির সাথে তাল মিলিয়ে দ্রুত ও যুগোপযোগী আইন প্রণয়ন করা না হলে ভবিষ্যৎ নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেন এই অভিনেত্রী।
কৃতি শ্যানন ১৯৯০ সালের ২৭ জুলাই নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বাবা ও শিক্ষিকা মায়ের এই সন্তান অভিনয় জগতে আসার আগে উত্তর প্রদেশের জেপি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি থেকে ‘ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ এ স্নাতক সম্পন্ন করেন। এই প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষার কারণেই প্রযুক্তি, বিশেষ করে এআই ও সাইবার নিরাপত্তার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তিনি বেশ গভীরভাবে বিশ্লেষণ করতে পারেন।
২০১৪ সালে তেলুগু ছবি ‘১: নেনোক্কাদিনে’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন কৃতি। একই বছর ‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে পা রেখে জেতেন ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার। পরবর্তীতে ‘বরেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘ভেড়িয়া’ ও ‘তেরিমে অ্যায়সা উলঝা জিয়া’-র মতো সফল চলচ্চিত্রে অভিনয় করে শীর্ষসারির তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০২১ সালের ‘মিমি’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তিনি ভারতের 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' অর্জন করেন।
অভিনয়ের পাশাপাশি কৃতি একজন সফল উদ্যোক্তাও। তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ব্লু প্রজাপতি ফিল্মস’, বিউটি ব্র্যান্ড ‘হাইপার’ এবং ফ্যাশন লাইন ‘এমএস টেকেন’ রয়েছে। একজন প্রকোশলী ও আন্তর্জাতিক তারকা হিসেবে প্রযুক্তির সঠিক ব্যবহার ও নিরাপত্তার বিষয়ে তিনি সবসময় সোচ্চার।
