শ্রীমঙ্গল পৌর শহরে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে। শনিবার পৌর প্রশাসনের উদ্যোগে এবং পৌর বিএনপির সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক নূরুল আলম। পৌর নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হবে। শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।