প্রকাশিত: ২১:৪৩, ১৫ অক্টোবর ২০২৬
যশোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
যশোরের চৌগাছায় মোটরসাইকেলে মিনি পিকআপ ভ্যানের ধাক্কায় নয়ন (১৯) ও মিথিলা (১৫) নামের দুজন নিহত হয়েছেন। তারা প্রেমিক-প্রেমিকা ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে চৌগাছা উপজেলার টালীখোলা গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। মিথিলার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার বাকপাড়া গ্রামে।
বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে আরাধ্যা রেস্টুরেন্টে যাচ্ছিলেন নয়ন ও মিথিল। পথে টালীখোলা এলাকায় তাদেরকে বহনকারী মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয় একটি মিনি পিকআপ ভ্যান।
প্রত্যক্ষদর্শী ভ্যানচালক আমজাদ হোসেন ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন জানিয়েছেন, মিথিলা মোটরসাইকেল চালাচ্ছিলেন। তার মাথায় হেলমেট ছিল না।
দুর্ঘটনায় দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মিথিলাও মারা যান।
