নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) শেষ হয়েছে তিন দিনব্যাপী এনএসইউ ফার্মা ফেস্ট। এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের ফার্মাসিউটিক্যাল ক্লাব ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের ফার্মেসি অনুষদের যৌথ উদ্যোগে ১৩তম ‘এনএসইউ ফার্মাফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস (আইসিপিএস) এবং বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ উৎসবের থিম ছিল ‘ইনোভেশন ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস’। ‘ টেকসই’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত এ উৎসবের স্লোগান ছিল ‘আজকের সঞ্চয়, আগামী দিনের সমৃদ্ধি’।
উৎসবজুড়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক ও অলিম্পিয়াড প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, স্টল প্রদর্শনী ও ‘ফার্মা ওয়াক’ অনুষ্ঠিত হয়। ১৬টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা। এতে ব্র্যাক বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রথম রানার্স-আপ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় রানার্স-আপ হয়। ১৩টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত ফার্মা অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ও প্রথম রানার্স-আপ হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আর দ্বিতীয় রানার্স-আপ হয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
গত ১০ অক্টোবর শুরু হওয়া এ উৎসবের সমাপনী ছিল গতকাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। তিনি বলেন, ‘ফার্মেসি বিভাগের ২০ বছরে এনএসইউ থেকে বিপুলসংখ্যক গ্র্যাজুয়েট বের হয়েছে, যারা দেশ ও দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ের নামকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এনএসইউ সে ধারা অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। তিনি বলেন, ‘আমরা এমন এক যুগে বাস করছি যেখানে এক বছরের মধ্যে ভ্যাকসিন তৈরি করে ফেলা সম্ভব। একই সঙ্গে এটাও সত্য যে বৈশ্বিক মোট জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আর বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ পর্যাপ্ত ওষুধই পায় না। আমার মতে, ওষুধ বা গবেষণাপত্রের আসল মূল্যায়নের জায়গা হলো এটি কতজন মানুষকে রক্ষা করতে পেরেছে। আশা করি, এনএসইউ ফার্মাসি গ্র্যাজুয়েটরা সে উদ্দেশ্যকেই ধারণ করবে।’
সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো কথা বলেন এনএসইউর উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. নুসায়বাহ আব্দুল রহিম, এনএসইউ স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র প্রমুখ।
