সাংবাদিক সম্মেলনে মিয়া গোলাম পরওয়ারছবি: ফেসবুক
Published on
:
2 min read
চলতি বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে চাইছেন আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনা। আগেই এই কথা জানিয়েছিলেন তিনি। দেশে ফেরার পরে তাঁকে হত্যা করা হতে পারে বলেও আশঙ্কা। তবুও নিজেদের দেশেই ফিরতে চান বলে সোমবারও ওয়াশিংটনের একটি সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আর, এরই মধ্যে তারেক রহমানের সরকারকে নিশানা করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, সেখানে শেখ হাসিনা এবং আওয়ামি লিগকে ফেরার পথ করে দিচ্ছে তারেক রহমানে নেতৃত্বাধীন বিএনপি-র সরকার। এরই পাশাপাশি দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন পরওয়ার।
২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানের জেরে বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন শেখ হাসিনা। জুলাই মাসের ঘটনায় তাঁর মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন হাসিনা। তাঁকে গ্রেপ্তার বা হত্যা করা হতে পারে জানার পরেও নিজের দেশে ফিরে যাওয়ার কথা বলেছেন আওয়ামি লিগ নেত্রী। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে আমেরিকার সহযোগিতাও চেয়েছেন তিনি।
আর এরই মধ্যে, মঙ্গলবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে, একটি সাংবাদিক সম্মেলনে বিএনপির বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। বাংলাদেশের ভোটের রায়কে উপেক্ষা করে সাংবিধানিক সব প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে বিএনপি বলেও অভিযোগ তাঁর। বিএনপি ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র কাঠামো ধরে রাখতে চাইছে বলেও দাবি করেন তিনি। এরই সঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার বিরোধীদলের সব আন্দোলন উপেক্ষা করে অরাজকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সেই পথ দিয়ে সরকার ইচ্ছা করে ফেরার সুযোগ করে দিচ্ছে আওয়ামি লিগকে।’
বাংলাদেশের মানুষ আওয়ামি লিগকে দেখেই ফ্যাসিবাদ শিখেছে বলেও দাবি এই জামায়াতে ইসলামি নেতার। তাঁর দাবি, ক্ষমতায় আসার সাত মাসের মধ্যেই আগের মতো ফ্যাসিবাদের পথে হাঁটছেন বিএনপির নেতারা। সেই পথ থেকে ফিরে আসার জন্যও বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল। আওয়ামি লিগের সঙ্গে জামায়াতে ইসলামি কোনও জোট করেনি বলেও জানিয়েছেন তিনি।
