নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফর জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হেদায়েতুল ইসলাম হোসনা। সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহসভাপতি রাজ্জাক মাহমুদ, জ্যেষ্ঠ সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সাহিত্যবিষয়ক সম্পাদক ইলিয়াস শাহ এবং সাংবাদিক ইমরান আকন্দ, রিপন রাজ, হারুন উর রশিদ, বাঁধন মোল্লা, মোস্তফা গাজী, মোহাম্মদ গোলাম মোস্তফা, রাসেল রানা ও মো. শহিদুল্লাহসহ অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রকাশ্যে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলেও এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দুর্গাপুরে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করতে হবে। হত্যাকাণ্ডের তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে কোনো ধরনের গাফিলতি করা হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। তাঁরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রতিবাদ সভা শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
