মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড শর্টগানের কার্তুজসহ দুলাল গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) জেলার সদর থানার হোগলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুলাল গাজী ওই গ্রামের আওলাদ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল হোগলাকান্দি গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে দুলাল গাজীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে বিছানার তোষকের নিচে লুকিয়ে রাখা পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। উদ্ধার করা কার্তুজ কীভাবে তার কাছে এসেছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
The post মুন্সীগঞ্জে পুলিশের লুণ্ঠিত ৫ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
