সম্প্রতি, ‘কুমিল্লায় বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত ৯ ও আহত ৩৯’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, কুমিল্লায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৯ জন নিহত ও ৩৯ জন আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, যমুনা টিভির নাম এবং লোগো ব্যবহার করে খোলা একটি ফ্রি ডোমেইন ব্লগ পোস্ট ওয়েবসাইট থেকে কোনো সূত্র উল্লেখ না করেই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
বিস্তারিত
শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোর মন্তব্যের ঘরে একটি লিংক খুঁজে পাওয়া যায়। লিংকে প্রবেশ করে দেখা যায়, যমুনা টিভির নাম এবং লোগো ব্যবহার করে খোলা একটি ফ্রি ডোমেইন ব্লগ পোস্ট ওয়েবসাইট। ওয়েবসাইটে থাকা প্রতিবেদনে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। প্রতিবেদনটিতে যমুনা টিভির একটি থাম্বনেইল দেখা যায়। অনুসন্ধানে জানা যায়, এটি গত ৩১ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের হাটবাইর গ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনা নিয়ে করা প্রতিবেদনের থাম্বনেইল।
এছাড়া, ওই প্রতিবেদনে অন্তত সাতজন আহত হওয়ার কথা বলা হলেও নিহতের কথা বলা হয়নি। এমনকি সেই ঘটনায় নিহত হওয়ার তথ্য অন্যকোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
অর্থাৎ, কুমিল্লায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ৯ জন নিহত ও ৩৯ জন আহতের দাবিটি ভিত্তিহীন।
