খুলনা: খুলনায় পৃথক ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিয়াম ভোর পৌনে ৬ টার দিকে ফুলবাড়ি রেল লাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেসে ধাক্কা লাগে। এতে তার বাম হাত ও পা এবং মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে খালিশপুর আলমনগর এলাকার খবির উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন কাউকে কিছু না জানিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে যান। রেল লাইন ধরে হাটতে হাটতে ফুলবাড়ি মেইন গেটে পৌঁছায়। সকাল ৯টার দিকে খুলনা থেকে ইশ্বরদীগামী রূপসা এক্সপ্রেসের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। এতে তার একটি পা ও মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খুলনার রেলওয়ে থানার এসআই এসএম রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
