চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
বুধবার (১৪ অক্টোবর) পরিদর্শনকালে ডেঙ্গু শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবীর নিকট ২০০টি ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন।
পরবর্তীতে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে ইউএইচএফপিও ডা. ফারহানা নবীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাস, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী ও পৌর আমীর মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের সকল বিভাগ, ওয়ার্ড এবং চারপাশের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, হাসপাতালের সকল স্টাফকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এতে সেবা নিতে আসা রোগীদের চিকিৎসার মান বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের সুনাম অর্জিত হবে। দায়িত্বে অবহেলার কোনো অভিযোগ উঠলে প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও যোগ করেন, বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধিতে সাধারণ মানুষের মধ্যে যেন কোনো আতঙ্ক ছড়িয়ে না পড়ে, সেজন্য সকল পক্ষকে একযোগে ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে।
বর্তমানে দেশে ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে আসা সম্ভাব্য রোগীদের দ্রুত চিকিৎসা ও পরীক্ষা নিশ্চিত করতে ২০০টি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে নাচোল উপজেলার ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. ফারহানা নবী এমপি মহোদয়ের এই সময়োপযোগী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বলেন,আমরা দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সম্মিলিত প্রয়াস থাকলে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।"
সভা শেষে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সার্বক্ষণিক মানসম্মত সেবা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
মূল বার্তা: জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের অঙ্গীকার—সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা।
