Published on
:
1 min read
লক্ষ্মীপুজোর আগের দিন মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের দুই ভাইয়ের। খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে নাবালক ওই দু’জনের। শনিবার বারাসত পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের শতদল সংলগ্ন রামকৃষ্ণ পল্লি এলাকার ঘটনা। মৃতদের নাম রুদ্র দাস (১৪) এবং দেবার্ঘ্য দাস (১২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ পল্লি এলাকায় একটি পুকুরের ধারে খেলছিল দুই ভাই। সেই সময়ে কোনওভাবে এক জন পুকুরে পড়ে যায়। তাঁকে বাঁচাতে অন্য ভাইও জলে নামে। এর পরে দু’জনেই পুকুরে তলিয়ে যায় বলে স্থানীয়রা জানাচ্ছেন। দুই ভাইকে পুকুরে তলিয়ে যেতে দেখে চিৎকার শুরু করেছিলেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। সেই চিৎকার শুনে ছুটে আসে আরও লোক। ততক্ষণে ওই দু’জন পুকুরে তলিয়ে গিয়েছে।
শুরু হয় পুকুরে নেমে তল্লাশি। খবর দেওয়া হয় বারাসত থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে ডুবুরি নামিয়ে শুরু হয় উদ্ধারকাজ। প্রায় এক ঘণ্টা তল্লাশির পরে দুই ভাইকে উদ্ধার করা হয়। পরে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায় চিকিৎসক। দেহ ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হয়েছে।
একই পরিবারের দুই নাবালক সন্তানের এমন মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। দুই সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে দাস পরিবারে।