নাটোরের বড়াইগ্রামে সবজি ক্ষেতের পাশের একটি ঘাসের জমি থেকে কালু ওরফে রঞ্জু (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রঞ্জু ওই গ্রামের মৃত শরম প্রামাণিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে শরীফ নামে এক কৃষক জমিতে সবজি তুলতে গিয়ে ঘাসের জমিতে রঞ্জুর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রঞ্জুর মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি স্বাভাবিক মৃত্যু, নাকি এর পেছনে অন্য কোনো অপরাধের ঘটনা রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
