ছবির ক্যাপশন: ....................
নিজস্ব প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে জনদুর্ভোগ কমাতে এবং জনকল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা আনসার ও ভিডিপি। রংপুর জেলা কমান্ড্যান্টের দিকনির্দেশনায় শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া চারটা থেকে উপজেলার ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কার ও মেরামত কার্যক্রম পরিচালনা করা হয়। ভাঙাচোরা রাস্তা ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের পর এখন তা চলাচল উপযোগী।
উপজেলা প্রশিক্ষক মোঃ নাছিমুল ফেরদৌসের পরিচালনায় আনসার ও ভিডিপির ২০ জন সদস্য-সদস্যা এই মহৎ কার্যক্রমে অংশ নেন। সংস্কার কাজের অংশ হিসেবে কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়া কাঠেরপুল সংলগ্ন ব্রিজের সামনের বড় ভাঙা অংশ ও বিপজ্জনক গর্তগুলো ভরাট করা হয়। একই সঙ্গে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়কের পাশের অন্যান্য গর্তও মাটি দিয়ে ভরাট করেন তারা।
এই মানবিক ও সামাজিক কার্যক্রমে সম্মুখভাগে থেকে নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন ভিডিপি দলনেতা তরিকুল ইসলাম, ভিডিপি দলনেত্রী শিরিনা আক্তার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার নিরাশা মামুন এবং সহকারী প্লাটুন কমান্ডার মোঃ আব্দুর রশিদ। তাদের এই সম্মিলিত ও নিবেদিত প্রচেষ্টা পুরো এলাকায় মানবিক সেবার এক অনন্য এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।
আনসার-ভিডিপি সদস্যদের এমন উদ্যোগ সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী সড়কটি স্বেচ্ছাশ্রমে মেরামত করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং এই সময়োপযোগী ও কল্যাণমুখী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে সাধুবাদ জানিয়েছেন।
