জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার পরিবেশ কোনোভাবেই ঠিক রাখতে পারেনি। সে সংবিধান নিয়ে ব্যস্ত, সংবিধান কাঁটাছেঁড়া করতেছে, যাতে জনগণের অধিকারকে চিরস্থায়ীভাবে তারা হরণ করতে পারে ফ্যাসিবাদী কায়দায়। ফলে আমরা বলব, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের এই দায়িত্বে থাকার কোনো ধরনের নৈতিক অধিকার নেই। এই যে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব, সিন্ডিকেটবাজি, আধিপত্য বিস্তার শুরু করেছে, জনগণের দুর্ভোগ তৈরি করছে, এসবের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এসব সন্ত্রাস-দখলদার বাহিনীকে প্রতিহত করতে হবে। এ সময় তিনি জ্বালানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগসহ ৪ দফা দাবিতে ৩০ অক্টোবর রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে গণবিক্ষোভ কর্মসূচির লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আজ আমরা গণসংযোগ কর্মসূচিতে এসেছি কারওয়ান বাজার এলাকায়। এই এলাকা দিয়ে আমরা আমাদের গণসংযোগ কর্মসূচি শুরু করছি, এটার একটা বিশেষ কারণ আছে। কারণ এই কারওয়ান বাজার এলাকায় পুরা ঢাকা শহরের কাঁচাবাজার-সবজি সবকিছুর একটা হাব, এটা একটা কেন্দ্র এবং এখানে আমরা বিভিন্ন চাঁদাবাজি, দখলদারিত্বের কথা শুনি। একটা ঘটনা আমাদেরকে আলোড়িত করেছে, কয়েক মাস আগে এই কারওয়ান বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করেছিলেন, চাঁদাবাজদেরকে এই এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ফলে আমরা এজন্য কারওয়ান বাজার থেকে শুরু করছি। সারা বাংলাদেশের যেসব জায়গায় তারা এই চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব, সিন্ডিকেটবাজি এবং আধিপত্য বিস্তার শুরু করেছে, আধিপত্য বিস্তার করে জনগণের দুর্ভোগ তৈরি করছে, তার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এসব সন্ত্রাস, দখলদার বাহিনীকে প্রতিহত করতে হবে।
আগামী ৩০ অক্টোবর আমরা একটি গণবিক্ষোভ কর্মসূচি দিয়েছি। দেশের সামগ্রিক পরিস্থিতি খুবই খারাপ, চারটা বিশেষ পরিস্থিতি সবার আলোচনার জন্য এসেছে। একটা হচ্ছে—আইনশৃঙ্খলার চরম অবনতি। এটা নতুন করে বলার কিছু থাকে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে নজিরবিহীন দলীয়করণ হচ্ছে, এই সবকিছুর প্রতিবাদে আমাদের গণবিক্ষোভ কর্মসূচি। সেই গণবিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে আমরা গণসংযোগ শুরু করছি।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
