
নেছারাবাদের পর্যটন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি কলেজ ক্যাম্পাসে পর্যটন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থীদের অংশগ্রহণে লুডু প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০টায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পরে কলেজের হলরুমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক কাবিল মিঞা, সহযোগী অধ্যাপক মো. মনজুরুজুল ইসলাম এবং স্বরূপকাঠি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক আহমেদ ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ এবং পর্যটনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পর্যটন বিকাশে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে লুডু প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক আহমেদ ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজমল হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার মানসিকতা গড়ে তোলা এবং আনন্দমুখর সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়।
