দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে একটি পক্ষ ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ রাজনৈতিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা, কর্মসংস্থান ও শান্তিপূর্ণ পরিবেশ চায়।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনের চেতনাকে ধারণ করে। এ কারণে জুলাই আন্দোলনে শহীদদের পরিবার এবং আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আহত যোদ্ধাদের চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তারেক রহমান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল বক্তব্যে এক ধরনের অবস্থান নিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তাঁর ভাষ্য, দেশের মানুষ এখন স্থিতিশীলতা, কর্মসংস্থান এবং শান্তিপূর্ণ পরিবেশে উন্নয়নের ধারাবাহিকতা চায়।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের কয়েকটি কলকারখানায় অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত একটি পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থায়ন করছে এবং দেশের ভেতরের আরেকটি পক্ষের সহযোগিতায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
রাজশাহী অঞ্চলের পানিসংকট সমাধানে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নদী দুটিতে ব্যারাজ নির্মাণের মাধ্যমে পানির সংকট মোকাবিলা এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমানের দাবি, পদ্মা ব্যারাজ নির্মিত হলে রাজশাহীসহ আশপাশের অঞ্চল এবং প্রায় ১৪টি জেলার মানুষ উপকৃত হবেন। প্রকল্পগুলোর কাজ যত দ্রুত সম্ভব শুরু করার প্রচেষ্টা নেওয়া হবে বলেও জানান তিনি।
জনসভায় সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, উপজেলা হাসপাতালের উন্নয়ন এবং খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নে জনগণের সহযোগিতা প্রয়োজন।
কৃষক ও সাধারণ পরিবারের পাশে দাঁড়ানো এবং পানি ব্যবস্থাপনা উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চায় বিএনপি।
