সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার শান্তি সম্মাননা পুরস্কার পেয়েছেন নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক মো. হাবিবুর রহমান। তাঁর পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাঁর বড় ছেলে সাংবাদিক মো. আরিফুর রহমান।
মানবাধিকার জোট, বাংলাদেশ সাংস্কৃতিক জোট ও আমাদের সংঘ সামাজিক সাংস্কৃতিক সোসাইটির যৌথ উদ্যোগে রোববার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক এমপি, বাংলাদেশ সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুল এবং সাংস্কৃতিক জোটের সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা প্রমুখ।
আলোচনা সভা শেষে নাজিম উদ্দিন আলমসহ উপস্থিত নেতৃবৃন্দ গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, সাংবাদিক মো. হাবিবুর রহমান গত পাঁচ বছরে সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ১৫টি জাতীয় ও পাঁচটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পিআইবি থেকে সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন তিনি। ১৯৮০ সাল থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন হাবিবুর রহমান।
তাঁর এসব পুরস্কার অর্জনে দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এদিকে তিনি সবার দোয়া কামনা করেছেন।
এমএ
