জ্ঞান অর্জনের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ও ট্রাফিক আইন মেনে নিরাপদে চলাচল করাও শিক্ষার্থীদের অন্যতম দায়িত্ব। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলা জরুরি।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর সেকশনের মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সড়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বসিতভাবে অংশ নেয়। প্রশিক্ষকদের উপস্থাপিত ভিডিওচিত্র দেখে তারা বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় এবং অনুষ্ঠান শেষে নিজ থেকেই সড়ক নিরাপত্তার নানা বিষয় নিয়ে আলোচনা করে। কর্মশালাটির মাধ্যমে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পেরেছে যে, নিরাপদ সড়কের জন্য তাদের নিজেদের দায়িত্বশীল আচরণ ও ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘিরে বিআরটিএর উদ্যোগ
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর পালিত হতে যাচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
কর্মশালায় মূল আলোচনা ও বক্তব্য রাখেন মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. মুজিবুর রহমান, পরিবহন ব্যবস্থা বিশ্লেষক ও সাংবাদিক পার্থ সারথি দাস এবং মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক শাখাওয়াৎ হোসেন।
বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) আবদুল্লাহ আল নোমান ও মাহবুবুর রহমান শিক্ষার্থীদের সামনে দৃশ্য শ্রাব্য (ভিডিওচিত্র) উপস্থাপনা পরিচালনা করেন। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর প্রতিনিধি নাহিদ হোসেন মাগফি ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিনিধি মো. কামরুজ্জামান।
এসএএস
