Published on
:
1 min read
দিল্লি বিমানবন্দরে চরম হেনস্থার শিকার হলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার মহারাষ্ট্র থেকে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। টার্মিনাল থেকে বেরোতেই দীপকেকে ঘিরে ধরে কটাক্ষ করতে শুরু করেন উপস্থিত যাত্রীরা। একজন চিৎকার করে বলতে থাকেন, ‘কেন দেশের পরিবেশ নষ্ট করছেন?’ সেই ভিডিয়ো প্রকাশ করেছে সিএনএন-নিউজ় ১৮।
গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে বিক্ষোভে যোগ দিতে আসার পথে ফ্লাইট থেকে অভিজিৎকে আটক করে পুলিশ। পাকড়াও করা হয় সৌরভ দাস, আশুতোষ রাঙ্কাকেও। দুপুরে অভিজিতের ঠাকুমার মৃত্যুর খবর সামনে আসে। পরের দিন দিল্লি পুলিশের কাছ থেকে মুক্তির পরে মহারাষ্ট্রে উড়ে যান তিনি। তার পরে এ দিন দিল্লিতে ফেরেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, টার্মিনাল থেকে বেরিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছেন অভিজিৎ। তাঁকে ঘিরে চিৎকার করছেন যাত্রীরা। একজন বলেন, ‘কেন দেশের পরিবেশ নষ্ট করছেন?’ আর একজন যাত্রীকে আবার ‘ছিঃ ছিঃ’ বলে চিৎকার করতেও দেখা যায়। জবাবে অবশ্য কোনও উত্তর দেননি অভিজিৎ। হাসিমুখে যাত্রীদের দিকে থাম্বস আপ দেখিয়ে গাড়িতে উঠে যান তিনি।
এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ‘ইলেকশন কমিশন ঠিক করো’ নামে কর্মসূচি নিয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপির অভিযোগ, SIR প্রক্রিয়ায় ১৩ কোটিরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এই অভিযোগকে সামনে রেখেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নেমেছে তারা।
একই অভিযোগে সরব হয়েছে বিরোধীরাও। জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি SIR বাতিল, ব্যালট পেপার ফিরিয়ে আনার দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছে বিরোধীরা। শুধু তাই নয়, এই ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলাও করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ বিরোধী সাংসদরা।
