সকালেও মিরপুরের স্টেডিয়ামে অনুশীলন করিয়েছেন। রাতে জানতে পারলেন, চাকরি নেই। এরকমই অবস্থা হল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আশরাফুলের। সদ্য জিম্বাবোয়ে ও আফগানিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে বাংলাদেশকে। সেখানে দু’ম্যাচেই ডুবিয়েছে ব্যাটিং। তারপরই ব্যাটিং কোচ আশরাফুলকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিল পড়শি দেশের ক্রিকেট বোর্ড।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবোয়ে ও আফগানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দু’টো দেশই বাংলাদেশের থেকে ওয়ানডে র্যাঙ্কিংয়ে পিছিয়ে। অথচ দু’টো ম্যাচেই নাজমুল হোসেন শান্তরা ২০০ রানও করতে পারেনি। তারপরই বড় পদক্ষেপ বিসিবি’র। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল সেদেশের প্রাক্তন ক্রিকেটারকে। অথচ শনিবার সকালেও সাদমান ইসলামদের অনুশীলন করান আশরাফুল। রাতে চাকরি গেল।
এদিকে ২৮ অক্টোবর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজেরর বিরুদ্ধে টেস্ট সিরিজ। তার আগে কেন আশরাফুলকে সরিয়ে দেওয়া হয়েছে, তা জানানো হয়নি। মাত্র একবছর আগে তিনি দায়িত্ব নিয়েছিলেন। আশরাফুলের আমলে পাকিস্তানকে হারানোর পর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জিতেছিল বাংলাদেশ। আপাতত জাতীয় দলের ব্যাটিং দেখভাল করবেন সালাহউদ্দিন। তবে তাঁকে স্থায়ীভাবে এই দায়িত্ব দেওয়া হচ্ছে না। জানা গিয়েছে, বিদেশি কেউই দীর্ঘমেয়াদি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন।
সেক্ষেত্রে নাম রয়েছে, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হাশিম আমলার। তাঁর সঙ্গে নাকি ইতিমধ্যে কথাও বলছে বিসিবি। আসলে পরের বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ। সেটাকে মাথায় রেখেই প্রাক্তন প্রোটিয়া তারকাকে দায়িত্ব দিতে চাইছে বাংলাদেশ বোর্ড।
