৩১ অক্টোবরের লংমার্চ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা, প্রশাসনিক সমন্বয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে পৃথক বৈঠক করেছে লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।
আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চের সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে লংমার্চ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দের পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।
বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।
এদিকে, লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চুসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বৈঠকে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
