লক্ষ্মীপুরের রামগতিতে আবদুর রহমান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র ৩৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ১০ সেপ্টেম্বর বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানকে ফিরে পেতে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার মা-বাবা ও পরিবারের সদস্যরা।
নিখোঁজ আবদুর রহমান রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের উত্তর চর টুমচর (চর আফজাল) গ্রামের মো. সেলিম ও হাজেরা খাতুন দম্পতির ছেলে। সে জামেয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, মাদ্রাসায় পড়াশোনার সময় অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে চিকিৎসার জন্য বাড়িতে পাঠান। কিছুটা সুস্থ হওয়ার পর গত ১০ সেপ্টেম্বর সকালে সে আবার মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে খোঁজ নিয়ে পরিবারের সদস্যরা জানতে পারেন, সে মাদ্রাসায় পৌঁছায়নি।
এরপর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর আবদুর রহমানের বাবা মো. সেলিম রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।
আবদুর রহমানের বড় ভাই ও স্থানীয় একটি মসজিদের ইমাম মো. রাসেল বলেন, অসুস্থতা থেকে কিছুটা সুস্থ হওয়ার পর ছোট ভাই মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিন ধরে ভাইয়ের কোনো খবর না পেয়ে মা-বাবা প্রায় খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন।
তিনি প্রশাসনের কাছে দ্রুত আবদুর রহমানকে খুঁজে বের করার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। শিশুটিকে খুঁজে পেতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
কোনো ব্যক্তি আবদুর রহমানের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: মো. রাসেল (নিখোঁজের বড় ভাই)
মোবাইল: 01604989837
The post রামগতিতে ৩০ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আব্দুর রহমানের সন্ধান চান পরিবার appeared first on ভোরের চেতনা.
