কালবেলা · রাজনীতি
পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
২০/১০/২০২৬

শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুরের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় তার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় পূজার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
মহানবমী উপলক্ষে রংপুরের পাশাপাশি রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। তিন মহানগরে কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।
প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টায় সৈয়দপুর পৌঁছে সেখান থেকে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন।
দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। দুপুর ১টা ১৫ মিনিটে রাজশাহীর একটি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এরপর দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউসে যাত্রাবিরতি করবেন। বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে একটি জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টা ১৫ মিনিটে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের জেএম সেন হল-সংলগ্ন রহমতগঞ্জের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে যাত্রাবিরতির পর রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ১৫ মিনিটে তার তেজগাঁও বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗