টাঙ্গাইলের ঘাটাইলে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ অর্থবছরের উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ঘাটাইল উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঘাটাইলের ফিল্ড সুপারভাইজার এস.এম আনিছুর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতির প্রতি অনুরাগী করে তোলা, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়ানো এবং তাদের ভেতরে থাকা সুপ্ত মেধা বিকাশের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ জাতীয় আয়োজন কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি ইসলামী সংস্কৃতি ও সুশিক্ষার চর্চায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএইচআর
