ঢাকা ডেমরা ও নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের আওতাবহির্ভূত থাকবেন বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞাপন
মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তথ্যটি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার নির্ধারিত তিন ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
