দেশের সংগীতাঙ্গনের পরিচিত মুখ গিটারবাদক রাসেল খান আর নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর। যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানিয়েছেন, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে দেশের অসংখ্য শিল্পীর গানের সঙ্গী হয়েছেন রাসেল খান। সংগীতাঙ্গনের প্রথম সারির প্রায় সব শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল তার। মঞ্চে শিল্পীদের গানের সঙ্গে তার গিটারের সুর হয়ে উঠেছিল পরিচিত অনুষঙ্গ। গিটার বাজানোর পাশাপাশি মাঝেমধ্যে নিজেও গান গাইতেন এই সংগীতশিল্পী।
গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন রাসেল খান। সেটিই ছিল তার শেষ মঞ্চ পরিবেশনা। দীর্ঘ সংগীতজীবনে নিজের বাদ্যযন্ত্রের সুরে শ্রোতাদের মুগ্ধ করা এই শিল্পীর চলে যাওয়া সংগীতাঙ্গনে তৈরি করেছে এক শূন্যতা।
তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, শিল্পী ও শুভানুধ্যায়ীরা। একসঙ্গে কাজ করার স্মৃতি তুলে ধরে অনেকে স্মরণ করছেন প্রিয় এই গিটারবাদককে।
