কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার কর্মক্ষেত্রে দ্রুত বাড়ছে। এর প্রভাব পড়ছে বিশেষ করে চাকরির শুরুর পর্যায়ের কর্মীদের ওপর। এ অবস্থায় নতুন কর্মীদের দুটি দক্ষতা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার।
দক্ষতা দুটি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা (ক্রিটিক্যাল থিংকিং) এবং অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা।
সম্প্রতি সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে অপর্ণা নায়ার বলেন, চাকরির শুরুর পর্যায়ের কর্মীদের নিশ্চিত করতে হবে যে তাঁরা সমালোচনামূলক চিন্তাভাবনা ও বিচার-বিবেচনার সক্ষমতা তৈরি করছেন। কারণ, কিছু দক্ষতার চাহিদা দ্রুত বদলালেও এমন কিছু কাজ রয়েছে, যা এখনো মানুষের নিজস্ব সক্ষমতার ওপর নির্ভরশীল।
জরিপে যা উঠে এসেছে—
আইবিএমের এক জরিপে বিশ্বের ১ হাজার ৫০০ জন প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ৮ হাজার ৮০০ কর্মীর মতামত নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে প্রকাশিত ওই জরিপে দেখা যায়, ৫৭ শতাংশ কর্মকর্তা মনে করেন, এআইয়ের যুগে সমালোচনামূলক চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। কর্মীদের মধ্যে এ মত দিয়েছেন ৪৯ শতাংশ।
অন্যদিকে ৪৮ শতাংশ কর্মকর্তা অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে বিচার-বিবেচনার সক্ষমতাকে গুরুত্বপূর্ণ মনে করেন। কর্মীদের মধ্যে এ মত দিয়েছেন মাত্র ২৯ শতাংশ।
এআইয়ের ওপর পুরোপুরি নির্ভর না করার পরামর্শ—
আইবিএমের জরিপে উদ্বিগ্ন কর্মীদের প্রায় চারজনের মধ্যে তিনজন জানিয়েছেন, এআই ইতিমধ্যে তাঁদের কিছু দক্ষতা ক্ষয় করতে শুরু করেছে। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করা দক্ষতাগুলোর একটি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা। বিপরীতে, ৫৭ শতাংশ নির্বাহী এই দক্ষতাকে কর্মক্ষেত্রে সফলতার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
জ্যাপিয়ারের ট্যালেন্ট অ্যাকুইজিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বনি ডিলবারও নতুন কর্মীদের এআই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআই ব্যবহার করা উচিত নয়। এতে কর্মীদের মৌলিক দক্ষতা ও নিজস্ব জ্ঞান তৈরির সুযোগ কমে যেতে পারে।
চাকরিপ্রার্থীরা দক্ষতা দেখাবেন যেভাবে—
চাকরিপ্রার্থীরা নিয়োগদাতার কাছে সমালোচনামূলক চিন্তাভাবনা ও বিচার-বিবেচনার দক্ষতা তুলে ধরতে পারেন বিভিন্নভাবে। যেমন লিংকডইনে কোনো শিল্প বা পেশাগত বিষয় নিয়ে নিজের বিশ্লেষণ প্রকাশ করা যেতে পারে।
অপর্ণা নায়ারের মতে, প্রযুক্তিগত দক্ষতার চাহিদা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তবে কোনো তথ্য বা সিদ্ধান্তের মান যাচাই করা এবং সমালোচনামূলকভাবে চিন্তা করার সক্ষমতা দীর্ঘ মেয়াদে গুরুত্বপূর্ণ থাকবে। এ জন্য কর্মীদের নিয়মিত নতুন দক্ষতা শেখা ও নিজেদের সক্ষমতা উন্নত করার মানসিকতা রাখতে হবে।
