জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, অন্য ধর্মাবলম্বীরা যে অধিকার পান, সনাতন ধর্মাবলম্বীদেরও সেই অধিকার রয়েছে। ধর্মীয় স্বাধীনতা প্রত্যেক নাগরিকের অধিকার। সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শনিবার (১৭ অক্টোবর) ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের বাড়ৈকান্দি দুর্গামন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলাদেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করবেন- এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন না- এমন বয়ান যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এবারের পূজা উদ্যাপনের মধ্য দিয়ে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
