নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাপী পোলিও নির্মূল ও শতভাগ পোলিওমুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে যশোরে সচেতনতামূলক র্যালি ও সামাজিক কর্মসূচির আয়োজন করেছে রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশ (যশোর জোন)। বিশ্ব পোলিও দিবস উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় এ র্যালি অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচির প্রোগ্রাম চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি। তিনি বলেন, পোলিও নির্মূলে বাংলাদেশের সাফল্য উল্লেখযোগ্য হলেও বৈশ্বিক ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। বিশ্ব থেকে পোলিও সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত জনসচেতনতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। এ লক্ষ্যে তিনি গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
আয়োজকরা জানান, শনিবার বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক র্যালিটি শুরু হবে। এরপর শহরের দড়াটানা, চিত্রার মোড় ও ল্যাবস্ক্যানের সামনে দিয়ে অতিক্রম করে যশোর ইনস্টিটিউটের সামনে টাউন হল ময়দানে গিয়ে শেষ হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পোলিও নির্মূলের উদ্যোগ গ্রহণ করার পর থেকে পোলিও সংক্রমণ প্রায় ৯৯.৯ শতাংশ হ্রাস পেয়েছে। পোলিওমুক্ত বিশ্ব গড়ার এই ধারাবাহিকতায় যশোর জোনের প্রতিটি রোটারি ক্লাব ও সদস্যরা একযোগে কাজ করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৬৪ বাংলাদেশের যশোর জোনের কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, ডেপুটি কো-অর্ডিনেটর (সার্ভিস প্রজেক্ট) রোটারিয়ান শামসুল আলম, ডেপুটি কো-অর্ডিনেটর (মেম্বারশিপ) রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, ডেপুটি কো-অর্ডিনেটর (পাবলিক ইমেজ) রোটারিয়ান সোনিয়া ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর (পার্টনার ইন সার্ভিস) রোটারিয়ান রাজু আহমেদ এবং রোটারিয়ান রবিউল ইসলাম।
এ ছাড়া যশোর জোনের বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি, রিপসা টিমের সদস্য, রোটারিয়ান ও রোটার্যাক্ট সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। আয়োজকবৃন্দ পোলিও নির্মূলে জনসচেতনতা বাড়াতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
