জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এ বছর গঙ্গা চুক্তি শেষ হবে, ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্যা বুঝে নিতে চাই।
তারেক রহমানের কাছে পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, তারা যে নিজেদের জাতীয়তাবাদী বলে, তাদের প্রমাণ করতে হবে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থ কতটুকু রক্ষা করতে পারছে। নাকি তারা কোনো ধরনের আন্ডারটেবিল সমঝোতার মধ্যে আছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় মাদারীপুর সদর উপজেলার শকুনি লেকপাড় মুক্তমঞ্চে এনসিপি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করে এনসিপি।
নাহিদ ইসলাম বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে পতিত স্বৈরাচারের কিছু সদস্য হেনস্থা করেছে। দেশের জনগণকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নিরাপত্তা দিতে পারছেন না। বিদেশেও কোনো নেতাকর্মীকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিরাপত্তার ব্যবস্থা করতে পারছেন না। আমরা এসব ঘটনার নিন্দা জানাই এবং এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার দাবি জানাই।’
তিনি আরও বলেন, ‘আপনারা অতীতে অনেক সরকার দেখেছেন, অনেক দল দেখেছেন, কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে গড়ে উঠছে এনসিপি। এনসিপি নতুন দিনের রাজনীতি করতে চায়, কোনো বিভাজনের রাজনীতি চায় না। বিভাজনের রাজনীতি নয়, আমরা ঐক্যের রাজনীতি করতে চাই।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাদারীপুর জেলা সভাপতি মনিরুল ইসলাম তুষার। মাদারীপুর সদর শিবচর ডাসার কালকিনিসহ বিভিন্ন অঞ্চলের ছাত্র শক্তি, যুব শক্তিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
