নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা ও দায়রা জজ আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন আইভী। এ সময় তিনি বলেন, জয় বাংলা, দমিয়ে রাখা যাবে না।
মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।শুনানি শেষে দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ তাঁর আবেদন মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভী “জয় বাংলা” স্লোগান দেন। পরে গাড়িতে করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
তুহিন হত্যা মামলায় আইভী এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তাঁর পুন:জামিনের আবেদন নিষ্পত্তির জন্য মঙ্গলবার দিন ধার্য ছিল। আইভীর আইনজীবী আওলাদ হোসেন জানান, তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পাশাপাশি সাবেক মেয়রের পুনর্জামিনের আবেদন আদালতে উপস্থাপন করা হয়। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় তুহিন হত্যা মামলাটি করা হয়। থানার মামলা নম্বর ১৯। এতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে নাম থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং তাঁর ভাতিজা আজমেরী ওসমান।
এ মামলায় ৯৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
The post জামিন পেয়ে আইভি বললেন “জয় বাংলা” দমিয়ে রাখা যাবে না appeared first on Dhaka Protidin.
