Published on
:
1 min read
গাড়ি চলবে রাস্তায়, এমনটাই স্বাভাবিক। কিন্তু ইলন মাস্কের নতুন টেসলা এ বার উড়ছে শূন্যে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টেসলা রোডস্টারের নতুন মডেলের টেস্টিংয়ের বেশ কিছু ভিডিয়ো। ভিডিয়োয় দেখা গিয়েছে, অন্য গাড়ির উপর দিয়ে শূন্যে ডিগবাজি খেয়ে ল্যান্ড করছে টেসলা রোডস্টার। আর ভিডিয়ো সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাস্কের এই গাড়ি ঘিরে এখন শুরু হয়েছে তুমুল হাসাহাসি আর মিমের বন্যা।
চলতি বছরের ১৫ অক্টোবর নতুন এই বৈদ্যুতিক স্পোর্টস কারের প্রোটোটাইপ প্রদর্শন করে টেসলা। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের বিশেষ থ্রাস্টার প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই গাড়ি। ফলে গাড়িটি অনায়াসেই আকাশে লাফিয়ে অদ্ভুত সব কার্যকলাপ দেখাতে পারে। এমনকী মাস্ক এও জানিয়েছেন, ২০২৮ সাল থেকে টেসলা রোডস্টারের উৎপাদন শুরু হতে পারে।
Turns out the future does have flying cars https://t.co/6fexPp6SXI
— Elon Musk (@elonmusk) October 16, 2026
প্রযুক্তি যা-ই হোক, নেটিজ়েনদের কাছে তা হয়ে উঠেছে নির্ভেজাল হাসির খোরাক। কেউ কেউ বলিউডের রোহিত শেট্টির ছবির সঙ্গে এর তুলনা টানছেন। ২০০৯ সালের ‘অল দ্য বেস্ট’ সিনেমায় অজয় দেবগন যে ভাবে শূন্যে গাড়ি উল্টে বিপাশা বসুকে গোলাপ দিয়েছিলেন, সেই দৃশ্য টেনে অনেকেই বলছেন, মাস্কের বহু আগেই বলিউড এই প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে। আবার কেউ ছবি পোস্ট করে জানিয়েছেন, ‘এ বার তো আকাশে ট্র্যাফিক জ্যাম লাগবে’। তবে বাস্তবের মাটিতে এই গাড়ি কতটা চলবে তা সময়ই বলবে। আপাতত মাস্কের উড়ন্ত গাড়ি নেটদুনিয়ায় ভরপুর বিনোদন জোগাচ্ছে।