খুলনার কয়রায় হরিণের মাংস ও চামড়াসহ মাথা-পা জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার গোলখালীর সিংয়ের বাঁধসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন কয়রা।
এসময় পরিত্যক্ত অবস্হায় সাড়ে ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ হয়। জব্দ করা এসব আলামতের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি আরও জানান, জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, কোস্ট গার্ড ১৩ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া আমাদের হস্তান্তর করেছেন।আদালতের নির্দেশে হরিণের মাংস,পা,মাথা ও চামড়া মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
