নাটোরের বড়াইগ্রামে যৌথ অভিযানে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মোঃ মোস্তফা (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে বড়াইগ্রাম থানাধীন রাজাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবির সিপিএসসি, রাজশাহী এবং সিপিসি-২, নাটোরের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মোঃ মোস্তফা পটুয়াখালী জেলার বাসিন্দা। তিনি বোতল বুনিয়া এলাকার মৃত আমজাদ আলী ও মৃত সালেহা বেগমের ছেলে।
অভিযানকালে তাঁর হেফাজত থেকে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব আলামত জব্দ করা হয়।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জাল নোটবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে বড়াইগ্রাম থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
