চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে পুলিশ অ্যাকাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনার খবরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের পরিদর্শনকালে এ বিক্ষোভ হয়।
এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাগবিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করা হয়।
শুক্রবার জুমার নামাজের পর জঙ্গল সলিমপুরের আলীনগর স্কুলে ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করতে যান এসপি মো. মাসুদ আলম। তার আগমনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হন। সরকারি স্থাপনা নির্মাণের জন্য তাদের বসতভিটা বা কেনা জমি থেকে উচ্ছেদ করা হতে পারে, এমন আশঙ্কা থেকে তাঁরা বিক্ষোভ শুরু করেন।
এসপি বলেন, সরকারি প্রয়োজনে ব্যক্তি মালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করতে হবে। আর খাসজমির ক্ষেত্রে সরকারি নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের আশ্বস্ত করা হয়েছে, তাদের জোর করে উচ্ছেদ করা হবে না।
গেল ৮ অক্টোবর সচিবালয়ে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়ন নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ অ্যাকাডেমি প্রতিষ্ঠা করা হবে। একই এলাকায় স্থানান্তর করা হবে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার।
