কালবেলা · আন্তর্জাতিক
ভারতে মসজিদ ভাঙার দৃশ্য দাবিতে বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের বাড়ি ভাঙচুরের ভিডিও প্রচার
২২/১০/২০২৬

সম্প্রতি, ‘বাংলাদেশের মুসলমান করছে পূজা আর ভারত ভাঙছে মসজিদ’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি মসজিদ ভাঙচুরের নয়, এমনকি ভিডিওটি ভারতেরও নয়। প্রকৃতপক্ষে, গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশের পাবনা জেলার সদর উপজেলায় এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান অভিযুক্ত মোস্তফার বাড়িতে ক্ষুব্ধ জনতার ভাঙচুর করেছিল। সেই ঘটনার দৃশ্য এটি।
বিস্তারিত
অনুসন্ধানে সংবাদমাধ্যম টাইমস অব বাংলাদেশ’র ফেসবুক পেজ থেকে গত ১৮ সেপ্টেম্বর করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেই পোস্টের ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। এছাড়া, Chdnews24’র ফেসবুক পেজ থেকে গত ১৯ সেপ্টেম্বর একই ভিডিও পোস্ট করা হয়েছে। উভয় পোস্টেই দাবি করা হয়েছে, পাবনায় শিশু কলি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামির বাড়িতে গ্রামবাসীর ভাঙচুরের দৃশ্য এটি।
পরবর্তী আরও অনুসন্ধানে বাংলাদেশের ডেইলি স্টার, প্রথম আলোসহ মূলধারার গণমাধ্যমগুলোতেও সেই ঘটনা নিয়ে প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদন অনুযায়ী, পাবনা জেলায় ১০ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়। পুলিশ মোস্তফা কামাল ও মোহাম্মদ ইয়াসিন নামে দুজনকে গ্রেপ্তার করে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ক্ষোভের জন্ম দেয় এবং পরপর দুদিন জনতা আসামি কামালের বাড়িতে ভাঙচুর চালায়।
অর্থাৎ, ভাঙচুর করা হয়েছে বাড়িতে, মসজিদে নয়। এছাড়া, ঘটনাটিও বাংলাদেশের।
অতএব, বাংলাদেশের পাবনা জেলার সদর উপজেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের বাড়ি ভাঙচুরের দৃশ্যকে ভারতে মসজিদ ভাঙার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗