নতুন কোনো অনুভূতি নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর অদ্ভুত সব পরিস্থিতির মাঝেই হুট করে কড়া নাড়তে পারে। ঠিক তেমনি এক নিখাদ ও মনছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’।
ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর প্রযোজনা ও সানজিদ খান প্রিন্স’র পরিচালনায় বিশেষ টেলিফিল্মটি আগামীকাল (১৬ অক্টোবর) দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে। পারভেজ ইমাম রচিত রোমান্টিক ও কমেডি নির্ভর টেলিফিল্মটিতে জুটিবেঁধে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা।
ছোট পর্দার পরিচিত নির্মাতা সানজিদ খান প্রিন্স বলেন, ‘টেলিফিল্মটির মূল আকর্ষণ এর সহজ-সরল অথচ গভীর জীবনমুখী গল্প। সমসাময়িক নাগরিক জীবনের ব্যস্ততা, টানাপোড়েন আর ভুল বোঝাবুঝির আড়ালে কীভাবে দুটি মন কাছাকাছি আসে এতে তাই ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি, টেলিফিল্মটি দর্শক পছন্দ করবেন।’
