শারদীয় দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেছেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ও বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ গাজী।
মন্দির পরিদর্শনকালে তাঁরা পূজার সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় বিভিন্ন মন্দির কমিটির সভাপতিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তাঁরা।
পরিদর্শনকালে শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বর্নি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খান, টুঙ্গিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম শেখ, যুবদল নেতা শামীম হোসেন টুটুল, শেহাব মোল্লা এবং বর্নি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রইস শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্দির পরিদর্শন ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ ধরনের সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
