সাবেক রাজউক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ ৮ আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির দায়ে তাদের এ সাজা দেওয়া হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জেলা জজ আদালত ৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খন্দকার শামিম হোসেন।
এ ছাড়া বরাদ্দকৃত ২টি প্লট বাতিল করেন আদালত। মামলার অন্য আসামিরা হলেন, রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক, রেজাউল করিম তরফদার। প্লট গ্রহীতা শওকত আজীজ এবং আশফাক আজীজ। প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে বৈধ আবেদনকারীদের সুযোগ না দিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছেন।
এ ছাড়া জামানত প্রত্যাহার করে নেওয়ার পর, আবেদন বাতিল হওয়া সত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার ইচ্ছায় ২ জনকে মোট ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
