চট্টগ্রাম নগরের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পিস্তল ও ছুরির মুখে সাংবাদিককে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি এবং ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ভেড়া সাইফুলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলাটিতে চারজনকে গ্রেপ্তার করা হলো।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশ। এর আগে মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি সৈকত (২৪), আট নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বলেন, মামলার এক নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সাংবাদিক আবুল হোসাইন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি সংবাদ সংগ্রহ করতে হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে যান। এ সময় এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন তাঁকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন রাস্তায় নিয়ে তাঁকে জিম্মি করা হয়।
এজাহারের অভিযোগ অনুযায়ী, সাংবাদিকের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন আদায় করা হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে ওই অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক আবুল হোসাইন।
এজাহারে আরও বলা হয়েছে, সাংবাদিককে ছেড়ে দেওয়ার আগে তাঁকে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোর করে মিথ্যা স্বীকারোক্তির ভিডিও ধারণ করা হয়। ঘটনা প্রকাশ করলে কিংবা পুলিশের কাছে অভিযোগ দিলে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় গত ১৫ অক্টোবর হালিশহর থানায় মামলা করেন ভুক্তভোগী সাংবাদিক।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
