রঞ্জিতে দুরন্ত সেঞ্চুরি রবীন্দ্র জাডেজারছবি: X
Published on
:
2 min read
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। ২০২৭ সালের ODI বিশ্বকাপেও খেলা নিশ্চিত নয়। তবে বিদেশের মাটিতে টেস্টে এখনও ভারতের অন্যতম ভরসা রবীন্দ্র জাডেজা। নভেম্বরে নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। তার আগেই লাল বলের ক্রিকেটে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন অভিজ্ঞ অলরাউন্ডার। রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রের হয়ে নেমে দুরন্ত সেঞ্চুরি এল জাডেজার ব্যাট থেকে। সোমবার ছত্তিশগড়ের বিরুদ্ধে ২০৯ বলে ১০২ রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। জাডেজার ব্যাটে ভর করেই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াল সৌরাষ্ট্র। এই ইনিংসে নির্বাচকদের বার্তাও দিলেন ৩৭-এর জাড্ডু।
কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি জাডেজার
ছত্তিশগড়ের বিরুদ্ধে প্রথমে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সৌরাষ্ট্রের। ১২০ রানে যখন ৩ উইকেট হারিয়ে বসেছে দল, তখন ক্রিজ়ে আসেন জাডেজা। এর পর ১৫১ রানে আরও একটি উইকেট খোয়ায় তারা। সেখান থেকেই ইনিংসের হাল ধরেন জাডেজা। প্রেরক মানকড়কে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ২০৫ রানের জুটি গড়েন তিনি। এই জুটিই সৌরাষ্ট্রের ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়।
এক প্রান্ত আগলে রেখে সময় নিয়ে ইনিংস গড়েন জাডেজা। অবশেষে ২০৯ বলে ১০২ রানের ইনিংস খেলে আউট হন তিনি। সাতটি বাউন্ডারি ছিল তাঁর এই ইনিংসে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা ১৬তম সেঞ্চুরি ছিল জাডেজার। শেষ পর্যন্ত প্রাক্তন সতীর্থ ধর্মেন্দ্রসিং জাডেজার বলে ক্যাচ দিয়ে আউট হন জাড্ডু।
পেরিয়ে গেলেন ৮৫০০ রানের গণ্ডি
এই সেঞ্চুরির পরে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৫০০ রানের গণ্ডি পার করলেন জাডেজা। ১৫১তম ম্যাচে গড়লেন এই নজির। ৪৪-এর বেশি গড়ে মোট ৮৫০৪ রান করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এর মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরি। বল হাতেও এই বাঁহাতি স্পিনারের পরিসংখ্যান ঈর্ষণীয়। নিয়েছেন মোট ৫৮৯টি উইকেট। এর মধ্যে ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩৬ বার। গত মরশুমে রঞ্জির প্রাথমিক পর্বেই বিদায় নিতে হয়েছিল সৌরাষ্ট্রকে। এ বার জাডেজার এমন পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে প্রস্তুতি
আগামী মাসে কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে ভারত। তার আগে লাল বলের ক্রিকেটে জাডেজার এই ফর্ম ভরসা জোগাবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতের ODI সিরিজ় জয়ের দলে ছিলেন জাডেজা। দুই ম্যাচে খেলে উইকেট নিয়েছিলেন দু’টি। তবে ব্যাট করার সুযোগ পাননি।
কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে রঞ্জিতে এই ছন্দ জাডেজার জন্য গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও নিজের ছন্দ ফিরে পাওয়ার সুযোগ পাবেন তিনি। ১৯ নভেম্বর থেকে ওয়েলিংটনে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ক্রাইস্টচার্চে, ২৭ নভেম্বর থেকে।
