Published on
:
2 min read
এই সময়: দেশে গুরুত্বপূর্ণ রাসায়নিকের উৎপাদন বাড়িয়ে আমদানির উপরে নির্ভরতা কমানোর লক্ষ্যে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় ৬ হাজার কোটি টাকা বিনিয়োগে একটি ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র গড়তে চলেছে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেডের সম্পূর্ণ সহযোগী সংস্থা অ্যাডপার্মা প্রাইভেট লিমিটেড। আগামীকাল এই কারখানার উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।অ্যাডপার্মার ওই কারখানা চালু হলে দেশে ফেনল ও অ্যাসিটোনের জোগান বাড়বে বলে আশা করা হচ্ছে। সংস্থার দাবি, ভারতের পূর্ব উপকূলে এই প্রথম ফেনল উৎপাদনের কারখানা গড়ে উঠছে। ফলে এক দিকে যেমন দেশের রাসায়নিক শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এই দুই উপাদানের অভ্যন্তরীণ উৎপাদন বাড়বে, অন্য দিকে পূর্ব ভাহরতের শিল্পাঞ্চলগুলিতে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হবে।
ফেনল ও অ্যাসিটোন মূলত বিভিন্ন শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রাসায়নিক। ল্যামিনেট, প্লাইউড, ফাউন্ড্রি, রিফ্র্যাক্টরি, ওষুধ এবং রং ও প্রেলপ তৈরির মতো একাধিক শিল্পে এই দুই রাসায়নিকের প্রয়োজন হয়। এত দিন চাহিদার একটি অংশ মেটাতে আমদানির উপের নির্ভর করতে হতো দেশীয় সংস্থাগুলিকে। হলদিয়ায় এই নতুন উৎপাদন কেন্দ্র চালু হলে সেই নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি, দেশীয় শিল্পের জন্য কাঁচামালের জোগান আরও নিয়মিত ও নির্ভরযোগ্য করে তোলার ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। মোট ৩২.৫ একর জমির উপরে এই কারখানা তৈরি করা হচ্ছে। যেখানে বছরে ৩ লক্ষ ৪৫ হাজার টন ফেনল এবং ২ লক্ষ ১৫ হাজার টন অ্যাসিটোন উৎপাদনের পরিকাঠামো রয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কারখানায় উৎপাদন শুরু হয়ে যাবে বলে সংস্থা সূত্রের খবর।হলদিয়ায় কারখানা গড়ে তোলার পিছনে ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে সংস্থাটি। অ্যাডপার্মার সিইও সঞ্জীব বাসুদেব বলেন, ‘কাঁচামালের সঙ্গে উৎপাদন ব্যবস্থার মিশেল, সড়ক-রেল-জলপথের মতো বিভিন্ন পরিবহণ ব্যবস্থার সুবিধে এবং পূর্ব ভারতের বাজারের কাছাকাছি অবস্থান—এই তিন বিষয় হলদিয়ার প্রধান শক্তি।’
হলদিয়া বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প ও পরিবহণ পরিকাঠামো এই প্রকল্পের পক্ষে সহায়ক হতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ, ওডিশা, ঝাড়খণ্ড, বিহার-সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে রাসায়নিকের চাহিদা মেটানোর ক্ষেত্রেও এই অবস্থান সুবিধে দেবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে অ্যাডপার্মার লক্ষ্য থাকবে মূলত দেশের বাজারে ফেনল ও অ্যাসিটোন সরবরাহ করা। তবে পাশাপাশি কিছু পরিমাণ পণ্য রফতানির পরিকল্পনাও রয়েছে। উৎপাদন ও বিপণন ব্যবস্থা স্থিতিশীল হয়ে গেলে রাসায়নিক শিল্পের পরবর্তী ধাপগুলিতে ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখবে সংস্থা। বিশেষ করে এই দুই রাসায়নিক ব্যবহার করে তৈরি হয় এমন কিছু পরবর্তী পর্যায়ের পণ্য, যেগুলি বর্তমানে আমদানি করতে হয়, সেগুলির দেশীয় উৎপাদনের সুযোগও ভবিষ্যতে বিবেচনা করা হতে পারে।
