গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। পথে রয়েছে আরো দুটি ইউনিট।
আজ সকাল ১০টার দিকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।
টঙ্গীর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগ আলী এলাকার ওষুধ কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। এর পর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ফায়ার সার্ভিসের ইউনিট।
