দুইদিন চালু থাকার পর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আবারও যমুনা সারকারখানার উৎপাদন বন্ধ হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানার উৎপাদন বন্ধ করা হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার উৎপাদনের বিভাগীয় প্রধান মো. ফজলুল হক।
কারখানার অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানায়, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর পুনরায় গ্যাস পেয়ে গত ৬ অক্টোবর থেকে কারখানায় উৎপাদন শুরু হয়। তবে কারিগরি ত্রুটির কারণে দুইদিনের মাথা ৮ অক্টোবর আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত শুক্রবার কারিগরি ত্রুটি সমাধান করে পুনরায় উৎপাদনে ফিরলেও পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আবারও উৎপাদন বন্ধ হয়। পুরোপুরি উৎপাদনে যেতে না পারলেও গত দুইদিন মোট এক হাজার ৬শ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে।
নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু চাহিদামতো গ্যাস সরবরাহ না থাকায় আজ ভোর ৫টা থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে জানায় কারখানা কর্তৃপক্ষ।
এর আগে, গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলাতার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকে যমুনা সার কারখানা। যমুনা সার কারখানা দৈনিক ১২শ থেকে ১৪শ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে।
